ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

মহাশূন্যেও আলু ভাজা হবে, মুখরোচক খাবার খাবেন মহাকাশচারীরাও

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ৮ জুন ২০২৩
মহাশূন্যেও আলু ভাজা হবে, মুখরোচক খাবার খাবেন মহাকাশচারীরাও
ফাইল ছবি

বাঙালির চায়ের সঙ্গে ‘টা’ না হলে একদমই চলে না। আর এই ‘টা’ হচ্ছে পাড়ার দোকানের ছোলা ভুনা, পুরি, সিঙ্গারা, আলুর চপ, সমুচা, বেগুনি, পিঁয়াজি ও পাকোড়া। ডুবো তেলে ভাজা এসব খেতে ভীষণ মজা লাগে। এই খাবার এবার যাচ্ছে মহাকাশে! মহাকাশচারীদের খাবার মুখরোচক করে তুলতেই নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)।

সম্প্রতি ইউরোপীয় মহাকাশ সংস্থা জানিয়েছে আলু ভাজার প্রচেষ্টার কথা। মহাকাশে গিয়েও যাতে আলু ভাজা খেতে পারেন মহাকাশচারীরা, তারই ব্যবস্থা করছে তারা।

জেনে রাখা ভালো, মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাজ করে না। এর ফলে তেলে ভাজতে গেলেও তেল আলুর থেকে উপরে উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সেসব বাধাবিপত্তি অবশেষে পেরিয়েছেন বিজ্ঞানীরা। বিশেষ কায়দায় আলু ভেজে দেখিয়েছেন তারা। এই ভাজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে ইএসএ।

Advertisement

কীভাবে ভাজা হবে আলু? বিজ্ঞানীদের কথায়, কৃত্রিমভাবে মহাকাশযানেই তৈরি করা হবে একটি পরিবেশ। সেখানে একটি বিশেষ যন্ত্রে ভাজা হবে আলু। তবে টগবগে ফুটন্ত তেলে আলুভাজা হবে না। গরম তেলের বুদ্‌বুদ ঘোরাফেরা করবে ওই যন্ত্রে। তার মধ্যেই ভাজা হয়ে যাবে আলু।

নতুন এই যন্ত্রের ছবিও দেখা যায় ইএসএ-এর সাইটে‌। এটি কোনো কড়াইয়ের মতো ভাজার পাত্র নয়। বেশ জটিল মাইক্রোওভেনের মতোই দেখতে সেটি। তবে দিব্যি মুচমুচে আলু ভাজা ভাজার উপযুক্ত বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। 

এই পরীক্ষা কোনো মহাকাশযানেই করা হয়নি। বিমানের একটি ধর্ম কাজে লাগিয়ে মহাকাশযানের মতো পরিবেশ সৃষ্টি করা হয়। এই কায়দায় ৬৫ সেকেন্ডে খুব দ্রুত উপরে উঠে নিচে নেমে আসতে হয়‌। তাতেই মাঝে ২২ সেকেন্ড এমন সময় মেলে যখন কোনো মাধ্যাকর্ষণ কাজ করে না। ওই সময়কে কাজে লাগিয়েই আলু ভেজে নেন বিজ্ঞানীরা।

পুরো ভাজার প্রক্রিয়া ক্যামেরাতে রেকর্ড করা হয়। তাতে ধরা পড়ে তেলের উষ্ণতাও। একইসঙ্গে সমাজ মাধ্যমে শেয়ার করা পোস্টে দেখা যায়, এই পাত্রের  তলা থেকে তেলের বুদ্‌বুদ উঠছে ক্রমাগত। সেই বুদবুদেই ভাজা ভাজা হচ্ছে আলুগুলো। ভিডিওটি দেখার পর রীতিমতো নেটিজেনরাও অবাক হয়ে যান। তাদের অনেকে আবার আশ্বস্ত হন, বাইরের জগতে গেলেও অন্তত আলুভাজা তো পাওয়া যাবে!

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!