ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

শনি গ্রহের চাঁদের সংখ্যা এখন ১৪৫

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৭, ২২ মে ২০২৩
শনি গ্রহের চাঁদের সংখ্যা এখন ১৪৫
ছবি: সংগৃহীত

শনি গ্রহের ৬২টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ফলে সৌরজগতে সবচেয়ে বেশি চাঁদের মালিক এখন শনি গ্রহ। আগে শনির চাঁদ ছিল ৮৩টি। নতুন ৬২টি চাঁদ খুঁজে পাওয়ায় এখন এ গ্রহের মোট চাঁদের সংখ্যা ১৪৫।

তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস-এর পোস্টডক্টোরাল ফেলো এডওয়ার্ড অ্যাশটন এ গবেষণার নেতৃত্ব দেন। এ গবেষণায় আরও সহযোগিতা করে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে হাওয়াইয়ের মাউনা কেয়ার শীর্ষে থাকা কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপের তথ্য ব্যবহার করে নতুন ৬২টি চাঁদ শনাক্ত করা হয়েছে। চাঁদগুলোর দৈর্ঘ্য খুব বেশি নয়। এদের মধ্যে কয়েকটি চাঁদের দৈর্ঘ্য ৩ কিলোমিটারের চেয়ে কম।

Advertisement

নতুন আবিষ্কৃত ৬২টি চাঁদের সব কটিই অনিয়মিত। অর্থাৎ, শনি গ্রহের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এ ছাড়া এ ধরনের উপগ্রহগুলো ঘোরে শনি গ্রহের বিপরীত দিকে। তবে শনি এখন সৌরজগতের প্রথম ও একমাত্র গ্রহ, যার ১০০টির বেশি চাঁদ আছে।

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বৃহস্পতি গ্রহের নতুন ১২টি চাঁদ আবিষ্কার করায় শনি পেছনে পড়ে যায়। ৯২টি চাঁদ নিয়ে সৌরজগতের শীর্ষ চাঁদের মালিক ছিল এত দিন গ্রহরাজ বৃহস্পতি। চার মাসের ব্যবধানে শনি তার শীর্ষত্ব ফিরে পেয়েছে।

আমাদের সৌরজগতে এ রকম চাঁদ আছে ২০০টির বেশি। বর্তমানে শনির চাঁদের সংখ্যা ১৪৫, বৃহস্পতির ৯২, ইউরেনাসের ২৭, নেপচুনের ১৪, মঙ্গলের ২ এবং পৃথিবীর রয়েছে একটি চাঁদ। আর বুধ ও শুক্র গ্রহের কোনো চাঁদ নেই। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!