অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে থাকছে কৃত্রিম উপগ্রহের সংযোগ
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে কৃত্রিম উপগ্রহ-সংযোগের সুবিধা চালু হচ্ছে। অনেক দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট-সুবিধা ব্যবহার করা যায় না। এসব এলাকায় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে থাকছে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগের সুবিধা!
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ইকোসিস্টেমস বিভাগের প্রধান ভাইস প্রেসিডেন্ট হিরোশি হকহেইমার বলেছেন, গুগল ইতিমধ্যে কৃত্রিম উপগ্রহ-সংযোগের বিষয়টি নতুন অপারেটিং সিস্টেমের নকশায় অন্তর্ভুক্ত করেছে। অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণটি স্যাটেলাইট কানেকটিভিটি বা কৃত্রিম উপগ্রহ-সংযোগের সুবিধা সমর্থন করবে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের যেসব এলাকায় ইন্টারনেট-সুবিধা ব্যবহার করা যায় না। এসব এলাকায় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট-সুবিধা আনতে কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান।
এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ও মহাকাশ সংস্থা স্পেস এক্সের পক্ষ থেকে স্টারলিংক ভি-২ নামের ইন্টারনেট-সুবিধা আনার ঘোষণা দেওয়া হয়। এ পদ্ধতিতে মহাকাশে স্থাপন করা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মুঠোফোনে ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে। এতে মুঠোফোনের টাওয়ার ছাড়াই সরাসরি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে এ ইন্টারনেট-সংযোগ সমর্থন করার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে অ্যাপল পণ্যবিশ্লেষক মিং-সি কুয়ো অবশ্য আইফোন ১৪ মডেলে কৃত্রিম উপগ্রহ-সংযোগ থাকার বিষয়ে নিশ্চিত নন। তার মতে, এ ধরনের ফিচার যুক্ত করতে হলে কৃত্রিম উপগ্রহ পরিচালক প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাপলকে চুক্তি করতে হবে। এ ফিচার যদি যুক্ত করা হয়, আইফোন ১৪-এর স্যাটেলাইট-সংযোগ ব্যবহার করে কেবল জরুরি বার্তা পাঠানো ও ফোনকল করা যাবে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের জন্য কৃত্রিম উপগ্রহ-সংযোগ চালু করার উদ্যোগ নিয়েছে স্পেস এক্স ও টি-মোবাইল । যৌথ উদ্যোগে টি-মোবাইলের পক্ষ থেকে স্পেস এক্সের হাজারো স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেশটির প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে স্যাটেলাইট ইন্টারনেট-সুবিধা দেওয়া হবে। ২০২৩ সাল নাগাদ এই সুবিধা চালু হতে পারে। প্রথমে টেক্সট মেসেজ বা বার্তা আদান-প্রদানের সুবিধা থাকবে। পর্যায়ক্রমে আসবে ভয়েস ও ডেটাসেবা সুবিধা।