ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

মসজিদুল হারামে ইতিকাফের সুযোগ পাচ্ছেন দ্বিগুণ মুসল্লি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ২৪ মার্চ ২০২৪
মসজিদুল হারামে ইতিকাফের সুযোগ পাচ্ছেন দ্বিগুণ মুসল্লি
ছবি: সংগৃহীত

ইতিকাফ হলো- নবী মোহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে একজন মুসলমানের শুধুমাত্র ইবাদত করা এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। পবিত্র রমজান মাসের শেষ দশকে মসজিদে ইতিকাফ পালন করতে হয়।

চলতি বছর গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজানের শেষ দশকে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নিবন্ধন সাপেক্ষে ইতিকাফ করার সুযোগ রয়েছে। চলতি বছর পবিত্র মসজিদুল হারামে ইতিকাফকারী মুসল্লিদের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

শনিবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে ইতিকাফ বা একাকী ইবাদত করার অনুমতিপ্রাপ্ত মুসলিম ইবাদতকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬ হাজার জনে পৌঁছেছে। মক্কার গ্র্যান্ড মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ইতিকাফ পালনকারীদের জন্য তিনটি তলা বরাদ্দ করেছে।

Advertisement

মসজিদের গাইডেন্স এবং পরামর্শ বিভাগের প্রধান আব্দুলমোহসেন আল গামদি বলেন, গত বছরের তুলনায় ইতিকাফ পালনকারীদের অনুমোদিত সংখ্যা দুই গুণ বেড়ে ৬ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে এক হাজার নারী। এ বছর দক্ষ ব্যবস্থাপনা এবং পরিকল্পনার কারণে ইতিকাফ পালনকারীদের সংখ্যা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মসজিদুল হারামে ইতিকাফের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১৭ মার্চ অর্থাৎ, ৭ রমজান থেকে। অথরিটির ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। দ্য জেনারেল অথরিটি ফর কেয়ার অব দ্য টু হোলি মস্ক’স জানিয়েছে, মসজিদে ইতিকাফের জন্য নির্ধারিত স্থানগুলো পূরণ না হওয়া পর্যন্ত নিবন্ধন অব্যাহত থাকবে।

অবশ্য মসজিদুল হারামে ইতিকাফের বিষয়ে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইতিকাফের জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হওয়া যাবে না। এবং ২০ রমজানে ইতিকাফের জন্য নির্ধারিত সময়ে মসজিদুল হারামে উপস্থিত হতে হবে।

রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। প্রতি বছর রমজানের শেষ দশকের ইতিকাফে অধিক সওয়াব লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!