ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ৩ জুন ২০২৩
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া মারা গেছেন
ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হুজুরের ব্যক্তিগত সহকারী মাওলানা হাবিব আনোয়ার।

তিনি জানান, শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া মৃত্যুতে কওমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি বয়সজনিত নানা রোগসহ কোমর ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গত ১৬ মে আল্লামা ইয়াহইয়া উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে ২৫ মে তিনি দেশে ফেরেন।

আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিগত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!