রাসূল (সা.) আয়না দেখে যে দোয়া করতেন
মুখাবায়বের সৌন্দর্য আল্লাহর অপার নেয়ামত। সাক্ষাতে মানুষ প্রথমে ব্যক্তির মুখাবয়ব দেখে। চেহারার দর্শনে তৈরি হয় প্রাথমিক মুগ্ধতা ও ভালোলাগা। এর মাধ্যমে সূত্রপাত হয় উত্তম বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্যের। তাই রাসূল (সা.) আয়না দেখলেই দোয়া করতেন।
আল্লাহ তায়ালা প্রতিটি মানুষকে সর্বোৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘আমি মানুষকে সর্বোচ্চ সুন্দর অবয়বে সৃষ্টি করছি।’ (সুরা তিন, আয়াত : ০৪)
আল্লাহ তায়ালা মানুষকে সুন্দর অবয়ব/চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটি চেহারাই সুন্দর ও মায়ময়। রাসূলুল্লাহ (সা.) যখন আয়নায় নিজের সুন্দর পবিত্র চেহারা দেখতেন; তখন তার মনে একটি বাসনা জেগে ওঠতো- হে আল্লাহ! আপনি আমার চেহারাকে যেভাবে সুন্দর করেছেন; সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দিন।’ হাদিসে পাকে ছোট্ট এ দোয়াটিই ওঠে এসেছে এভাবে-
হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) (আয়নার প্রতি রক্ষ্য করলে) বলতেন-
اَللَّهُمَّ حَسَّنْتَ خَلْقِيْ فَاَحْسِنْ خُلُقِيْ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাস্সানতা খালকি; ফা আহসিন খুলুকি।’
অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো; কাজেই (এভাবে) আমার চরিত্র সুন্দর করে দাও’ (ইবনে হিব্বান, মিশকাত)
দোয়ার গুরুত্ব
রাসূলুল্লাহ (সা.) এর এ দোয়া উম্মতে মুহাম্মাদির জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক মানুষই আয়না নিজের চেহারা দেখেন। আর তা দেখে বিশ্বনবী (সা.) এর অনুসরণ ও অনুকরণে নিজের সুন্দর চেহারার মতো নিজের চরিত্র সুন্দর করার জন্যই আল্লাহর কাছে দোয়া করবেন।
আল্লাহ কতই না মহান! কতই না সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন রাসূলুল্লাহ (সা.)! তারপরও তিনি সুন্দর চরিত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন! যার চরিত্রের সত্যয়ন করে আয়াত নাজিল করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা-
وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ
‘আর অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী।’
আল্লাহ তায়ালা কোরআনে যার চরিত্রকে মহান বলে ঘোষণা দিয়েছেন। তিনিই আয়নায় চেহারা দেখলই বলতেন-
اَللَّهُمَّ حَسَّنْتَ خَلْقِيْ فَاَحْسِنْ خُلُقِيْ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাস্সানতা খালকি; ফা আহসিন খুলুকি।’
অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো; কাজেই (এভাবে) আমার চরিত্র সুন্দর করে দাও।’
সুতরাং উম্মতে মুহাম্মাদির সব নারী-পুরুষের উচিত, সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী হতে বেশি বেশি এ দোয়া করা। চাই সে আয়নায় নিজের চেহারা দেখুক কিংবা না দেখুক; সব সময় এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধরনা দেওয়া।
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে বেশি বেশি এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। নিজেদের চেহারার মতো সুন্দর করে নিজেদের চরিত্রকে সুন্দর করতে আল্লাহর কাছে ধরনা দেওয়ার তাওফিক দান করুন। আমিন।