ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

টানা কমার পর হঠাৎ লাফ স্বর্ণের দামে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪, ৩ সেপ্টেম্বর ২০২৬
টানা কমার পর হঠাৎ লাফ স্বর্ণের দামে
ছবি: সংগৃহীত

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্য কার্যকর হবে।

Advertisement

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৮৯ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে স্বর্ণের ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে।

স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নিয়ম বহাল থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!