দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে এ নতুন দর কার্যকর হয়েছে। আজও দেশের বাজারে এই সমন্বিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
.png)
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পর সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে স্বর্ণ কিনতে গিয়ে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। তবে গহনার নকশা ও ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে।
এর আগে গত শনিবার (২৯ আগস্ট) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরি ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। দুই দফা কমার পর নতুন করে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকায়।