দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য নিশ্চিত করে। ওই দিন সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই মূল্য তালিকা কার্যকর হয়েছে। আজ বুধবারও (২৬ আগস্ট) ক্রেতাদের নতুন এই দামেই স্বর্ণ কিনতে হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে বাজার পরিস্থিতি বিবেচনা করে অলংকারের নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভ্যাটসহ ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা।সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
সংগঠনটি স্পষ্ট করেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। অলংকারের বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি পুরনো অলংকার ক্রয় বা পরিবর্তনের (এক্সচেঞ্জ/পারচেজ) ক্ষেত্রে বাজুসের নির্ধারিত আগের নিয়ম ও শর্তাবলি প্রযোজ্য হবে।
এর আগে গত শনিবার (২২ আগস্ট) স্বর্ণের দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ১০৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে বিগত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দর সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পায়।
.png)