ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ৯ এপ্রিল ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল
ফাইল ফটো

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২ জন সহকারী পুলিশ সুপারসহ মোট ৬ জন কর্মকর্তাকে জনস্বার্থে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশে এবং মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

Advertisement

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আদেশে আরো উল্লেখ করা হয়, মো. জাহিদুল ইসলামের পাবনায় বদলি এবং মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের র‍্যাবে বদলির পূর্ববর্তী আদেশ দুটি বাতিল করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!