ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬, ৫ এপ্রিল ২০২৬
কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।’

জানা গেছে, দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সু-চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

Advertisement

বিবৃতিতে প্রধানমন্ত্রী হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ২ জনকে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ৫ জনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন। শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!