ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রায় ভোগান্তি কম, পদ্মাসেতুতে একদিনে টোল আদায় ৪.৫ কোটি টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় ভোগান্তি কম, পদ্মাসেতুতে একদিনে টোল আদায় ৪.৫ কোটি টাকা
ফাইল ফটো

ঈদযাত্রার তৃতীয় দিনে পদ্মাসেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে, তবে বড় ধরনের যানজট না থাকায় ভোগান্তি কমে গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পদ্মাসেতুর উত্তর টোল প্লাজায় গাড়ির সারি লক্ষ্য করা যায়। 

গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে যে যার মতো ছুটছে গন্তব্যে। পাশাপাশি পিকআপ-ট্রাকেও বাড়ির পথে ছুটতে দেখা গেছে যাত্রীদের। সেতুর ১০টি বুথে নির্ধারিত টোল দিয়ে পারাপার হচ্ছে এসব যানবাহন। যানবাহনের চাপ থাকলেও এইপথে কোনো জট না থাকায় ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। একইভাবে এক্সপ্রেসওয়েতেও বৃদ্ধি পেয়েছে গাড়ির সংখ্যা।

Advertisement

এদিকে বিগত কয়েকদিনের মতো আজও এই পথে অতিরিক্ত ভাড়া আর পর্যাপ্ত গাড়ি না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পদ্মাসেতু উত্তর থানা মোড়ে অপেক্ষারত দেখা যায় যাত্রীদের। তারা জানান, যাত্রীর চাপে কোন কোন পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে।

যানবাহন পারাপারের বিষয়ে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা। দ্রুত টোল আদায় নিশ্চিতে মাওয়া প্রান্তে ১০টি বুথ ও জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা চালু রয়েছে। যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ জট তৈরি হচ্ছে না।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ গণমাধ্যমকে জানান, এবারের ঈদযাত্রায় পদ্মাসেতুতে টোল প্লাজার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি টোল প্রদান করে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় করা হচ্ছে। যানজট নিরসনে এবার পদ্মাসেতু উত্তর থানার সামনে একটি বিশেষ ‘বাস বে’ নির্মাণ করা হয়েছে। এখানে একসঙ্গে ১০-১৫টি বাস দাঁড়াতে পারছে। যার ফলে টোল প্লাজার প্রবেশমুখে যানবাহনের বিশৃঙ্খলা ও দীর্ঘ সারি তৈরি হচ্ছে না।

মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক গণমাধ্যমকে বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে দুটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিমসহ মোট ছয়টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পুলিশের নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ জোর দেওয়ায় এক্সপ্রেসওয়ের পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় খুব দ্রুত সময়ে টোল প্রদান করে গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষকে নিয়ে যানবাহনগুলো।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!