ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এই শীতেও যে বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ৬ জানুয়ারি ২০২৫
এই শীতেও যে বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ফাইল ফটো

জানুয়ারি মাসে দেশের কয়েকটি বিভাগের ওপর দিয়ে কয়েক দফায় মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে ৩ থেকে ৪টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। নতুন বছরের শুরু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হলেও গত তিন দিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজও দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ অবস্থায় আজ দেশের রংপুর বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

আবহাওয়াবিদ ওমর ফারুজ জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

তিনি বলেন, আগামী বুধবার থেকে আবারও সারাদেশে ভারী শীত পড়তে পারে। এসময় রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। দিনের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!