ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পিঠা শুধু খাবার নয়, ঐতিহ্যেরও প্রতীক: পর্যটন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ১ ডিসেম্বর ২০২৪
পিঠা শুধু খাবার নয়, ঐতিহ্যেরও প্রতীক: পর্যটন উপদেষ্টা
সচিবালয়ের পর্যটন ক্যাফেটেরিয়াতে ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ আয়োজিত ‘পিঠা উৎসবের’ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ এফ হাসান আরিফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, আমাদের কাছে পিঠা শুধু একটি খাবার নয়, এটি রন্ধন শিল্প, ঐতিহ্য এবং আনন্দের সংমিশ্রণ আর উদযাপনের প্রতীক।

রোববার সচিবালয়ের পর্যটন ক্যাফেটেরিয়াতে ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ আয়োজিত ‘পিঠা উৎসবের’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনদিনব্যাপী এ উৎসবে নানা ধরণের পিঠার স্বাদ স্বল্পমূল্যে গ্রহণ করা যাবে।

খাদ্য রসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। এর মাঝে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার বলে উল্লেখ করে তিনি বলেন, শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়।

Advertisement

বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে।

মুখরোচক খাবার হিসেবে পিঠার স্বাদ গ্রহণ ও নতুন প্রজন্মের কাছে পিঠাকে আরো পরিচিত করে তুলতে ‘পিঠা উৎসব’ কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। 

উৎসবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!