ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৫, ৩০ নভেম্বর ২০২৪
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ছবি: উইন্ডি.কম

বঙ্গোপসাগরে সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে শক্তিশালীরুপে ধারণ করেছে। এর প্রভাবে আজ শনিবার (৩০ নভেম্বর) দেশের ৩ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আবহাওয়া অফিসের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফিনজাল আগামীকাল দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী শনি ও রোববার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

Advertisement

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এর প্রভাবে  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!