ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভোলিউশন’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবেন।
কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ‘স্পিরিট অব জুলাই’।
.png)
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ‘স্পিরিটস অব জুলাই’-এর সদস্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।
এতে জানানো হয়, কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।
লিখিত বক্তব্যে হাসান মাহমুদ রিজভী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেভোলিউশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্মের সঙ্গে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনাপারিশ্রমিকে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার তার সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।
এছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নান গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে বলে উল্লেখ করা হয়।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হতে পারে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, চ্যারিটি কনসার্টটির টিকিটের শুভেচ্ছা মূল্য মোট তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা এরই মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছি।