ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ফের চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ৩ নভেম্বর ২০২৪
মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ফের চালু
মেট্রোরেল- ফাইল ফটো

মেট্রোরেল ভ্রমণের জন্য নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন ফের চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

রোববার থেকে সেবাটি ফের চালুর ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল। সেইসঙ্গে একক যাত্রার আরো ২০ হাজার পাস ডিএমটিসিএলে যুক্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়, “আজ হতে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”

সার্ভার জটিলতার কারণেই মূলত এমআরটি পাস নিবন্ধের সেবা বন্ধ রাখতে হয়। মেট্রো রেলের নিজস্ব সার্ভার নেই। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সার্ভার ব্যবহার করে মেট্রো কর্তৃপক্ষ।
 
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমে বলেন, “এই সেবাটি আমাদের ৭ তারিখে চালু করার কথা ছিল। কিন্তু মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা হয়েছে। আজ থেকেই সেবাটি চালু হয়েছে। আর নতুন করে একক যাত্রার পাস ২০ হাজার বাড়ায় যাত্রীদের টিকিট কাটার লাইনে বেশিক্ষণ থাকতে হবে না।”

বর্তমানে মেট্রো রেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুধুমাত্র শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

এর আগে গত ১ নভেম্বর সন্ধ্যায় ডিএমটিসিএলের ফেসবুক পেজ থেকে এমআরটি পাস রেজিস্ট্রেশন ও নবায়ন রাখার কথা জানানো হয়। তখন অবশ্য বলা হয়েছিল, এ কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে দু’দিনের মাথায় এ কার্যক্রম ফের চালু করলো ডিএমটিসিএল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!