ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফায়ার সার্ভিসের সুনাম ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৫, ২৮ অক্টোবর ২০২৪
ফায়ার সার্ভিসের সুনাম ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম- সংগৃহীত ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

সোমবার সকালে রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সুনাম সবচেয়ে বেশি। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ফায়ার ফাইটারসহ এ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাছাড়া তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপরও তারা খুব সাফল্যের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির তেমন কোনো ব্যর্থতা নেই তবে কিছু সীমাবদ্ধতা আছে।

Advertisement

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ৩২টি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। এছাড়া এ অধিদফতরের জনবল সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা কম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

উপদেষ্টা আরো বলেন, ফায়ার ফাইটারদের চাকরিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেজন্য ফায়ার ফাইটারদের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও তুলনামূলক কম বয়সীদের নিয়োগে প্রাধান্য দিতে হবে।

ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি রয়েছে। তবে উন্নত দেশের তুলনায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে রয়েছি। তবে এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!