গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের পর কারা হেফাজতে রিমান্ডকালীন এবং অন্যান্য সময়ে বিচারবহির্ভূত হত্যায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভয়েস অফ ভিকটিম ফ্যামিলি’ এর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভয়েস অব ভিকটিম ফ্যামিলির সমন্বয়ক মেহেদী হাসান, সহ-সমন্বয়ক জুমুরসহ ভিকটিম পরিবারের সদস্যরা।
এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বেশকিছু দাবি জানানো হয়। সেগুলো হলো-
- আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের পর নির্যাতনে মৃত্যুর ঘটনাগুলোর সঠিক তদন্ত করতে হবে।
- বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।
- সংশ্লিষ্ট থানার তৎকালীন অফিসারদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- ভিকটিম পরিবারের সদস্যদের চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
- সংশ্লিষ্ট অফিসারদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং তাদের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে ভিকটিম পরিবারের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।