মঙ্গলবার থেকে ট্রেনে শাক-সবজি, মাছ, ডিম ও ফল পরিবহন করা হবে। খুলনা, রাজশাহী ও পঞ্চগড় থেকে সপ্তাহে একদিন চলবে স্পেশাল পারসেল ট্রেন।
রেলওয়ে বলছে, এতে মধ্যস্বত্বভোগী ও আড়তদারের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি কমবে দাম ও রাজধানীবাসী পাবে টাটকা সবজি।
.png)
রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, রেলের ভাড়া তুলনামূলক কম, সহজে এবং পণ্যের গুণগত মান ঠিক রেখে গন্তব্যে পৌঁছানো সম্ভব। সেই লক্ষ্যে আপাতত খুলনা, রাজশাহী, পঞ্চগড় এ রুটগুলোকে নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে পণ্য নিয়ে ট্রেন চলাচল করবে একদিন।
চাহিদা বাড়লে ট্রেনগুলোতে অতিরিক্ত লাগেজ ভ্যান যুক্ত করা হবে। ভাড়া ঠিক করা হয়েছে কেজি প্রতি ১ টাকা ৮০ পয়সা থেকে দুই টাকা।
সরদার সাহাদাত আলী আরো বলেন, সাড়ে ১২টা বা ১টার মধ্যে ট্রেনগুলো যাতে তেজগাঁও পৌঁছে যায় সেভাবে সময় নির্ধারণ করা হবে। কেউ যদি ঢাকা পর্যন্তও মালামাল বহন করতে চায় তাহলে সেটিও করা সম্ভব।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে এ ধরনের উদ্যোগ নেয়া হলেও তা চালু হয়নি। আম ও গরু পরিবহনেও বিশেষ ট্রেন চলেছে, কিন্তু লাভজনক হয়নি।