যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের উদ্ধৃতি দিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কম কিংবা মাঝারি শক্তিশালী হতে পারে এবং এটি ২৪ বা ২৫ অক্টোবর উপকূলে আঘাত হানতে পারে। তবে সঠিক স্থান ও কাল নির্ধারণ করতে ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভারতের আবহাওয়া বিষয়ক সরকারি সংস্থা আইএমডি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
.png)
দেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, অক্টোবরে সাগরে ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ থাকে। ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।