ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে তীব্র ঝড়, ছয় রুটে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ৩ অক্টোবর ২০২৪
সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে তীব্র ঝড়, ছয় রুটে নৌযান চলাচল বন্ধ
ফাইল ফটো

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলের ছয় রুটে আপাতত নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক বার্তায় বলা হয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ থাকবে।

নৌপথগুলো হলো- ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী এবং ঢাকা-মনপুরা। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!