ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রূপপুর এনপিপি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো রোসাটম

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৯:১৪, ১১ সেপ্টেম্বর ২০২৪
রূপপুর এনপিপি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো রোসাটম
ফাইল ফটো

রূপপুর এনপিপি প্রকল্পে দুর্নীতি বিষয়ে কিছু বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করার খবরের প্রতিবাদ জানিয়েছে রোসাটম স্টেট কর্পোরেশন।

বুধবার এক বিবৃতি দিয়ে প্রকল্পে দুর্নীতির বিষয়ের ব্যাখ্যা দেয় নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।

এ বিষয়ে অযৌক্তিক জল্পনা-কল্পনার অবসান ঘটাতে, রাশিয়ান রফতানি ক্রেডিট ব্যবহারের পদ্ধতি এবং রূপপুর এনপিপি নির্মাণে এরই মধ্যে ব্যয় করা অর্থের পরিমাণ স্পষ্ট করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করেছে।

Advertisement

এতে বলা হয়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত রূপপুর এনপিপি প্রকল্পের বাস্তবায়নের জন্য রাশিয়ার প্রদত্ত ১ হাজার ১৯০ কোটি মার্কিন ডলার পরিমাণের রাষ্ট্রীয় রফতানি ঋণ (স্টেট এক্সপোর্ট ক্রেডিট) থেকে মোট ৭৮০ কোটি মার্কিন ডলার ব্যবহৃত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পৃথক দুটি চুক্তির অধীনে দুটি ঋণ দেওয়া হয়। এর একটি ২০১৩ সালের ১৫ জানুয়ারি প্রথম চুক্তির অধীনে ব্যবহৃত ৪৯ দশমিক ১৩ কোটি মার্কিন ডলার (এই ঋণের মোট পরিমাণ ৫০ কোটি মার্কিন ডলার পর্যন্ত এবং এর ব্যবহারের মেয়াদ ২০১৭ সালে শেষ হয়)। আর ২০১৬ সালের ২৬ জুলাই দ্বিতীয় চুক্তির অধীনে ব্যবহৃত ৭৩৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় রফতানি ঋণের পুরো পরিমাণ হল ১ হাজার ১৩৮ কোটি মার্কিন ডলার। এই ঋণের এখন পর্যন্ত ৬৪ শতাংশ ব্যবহৃত হয়েছে এবং এটির ব্যবহারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে।

রূপপুর এনপিপি প্রকল্পে দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে না উল্লেখ করে তারা বলেছে, রাশিয়ান ফেডারেশনের আইন অনুযায়ী কোনো রাষ্ট্রীয় রফতানি ঋণ প্রদানে সার্বভৌম ঋণগ্রহীতার কাছে সরাসরি টাকা স্থানান্তর করা হয় না। রফতানি চুক্তির অধীনে বিদেশি গ্রাহককে প্রদত্ত যেকোনো পণ্য, কাজ বা পরিষেবাগুলোর অর্থায়ন রাশিয়ান রুবেলে রাশিয়ান অর্থ মন্ত্রণালয় রাশিয়ান রফতানিকারক সংস্থাকে সরাসরি দেয়। রাশিয়ান অর্থ মন্ত্রণালয়ের কাছে দেওয়া নথি অনুযায়ী এই লেনদেনগুলো করা হয়। পূর্বে আন্তর্জাতিক চুক্তিগুলোর উপর বিশেষায়িত বৈধ এজেন্ট –ভিইবি-আরএফ’র সেই নথিগুলো অনুমোদিত হয়। রাষ্ট্রীয় রফতানি ঋণের ব্যবহৃত পরিমাণ রাশিয়ান ফেডারেশনের প্রতি বিদেশি রাষ্ট্র ঋণগ্রহীতার ঋণ হিসেবে বিবেচিত হয়।

আমরা বিশ্বাস করি, যারা রূপপুর এনপিপিতে ‘দুর্নীতি’ বিষয়ে মিথ্যা খবর ছাপিয়ে ছড়িয়ে দেয় তারা ইচ্ছাকৃতভাবে এই উচ্চাভিলাষী প্রকল্পটিকে কলঙ্কিত করতে এবং মস্কো ও ঢাকার মধ্যে স্থিতিশীল এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ককে নষ্ট করতে চেষ্টা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!