বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন। এছাড়া, মিরপুর ডিওএইচএস-এ বাড়ি, ঢাকার নিকুঞ্জ-১ এর ৬ নম্বর রোডে ‘আজিজ রেসিডেন্স’ নামের বাড়ি আছে। তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি কিনেছেন। এছাড়া তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য দুদকের গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
.png)
৩ বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২১ সালের জুনে অবসরে যান জেনারেল আজিজ আহমেদ। এর আগে চার বছর তিনি ছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) প্রধান। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত বছর তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
এর আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন।