ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কৃষকদের সারের সংকট হবে না: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৬, ৩১ আগস্ট ২০২৪
কৃষকদের সারের সংকট হবে না: কৃষি উপদেষ্টা
ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের সরবরাহ স্বাভাবিক থাকবে। কৃষকদের সারের কোনো সংকট হবে না।

শনিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সার্বিক কার্যক্রম সমন্বয় ও মনিটরিং বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সব রকমের সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন।

সভায় জানানো হয়, চলমান বন্যায় আক্রান্ত দেশের ২৭টি জেলার মধ্যে ২৩টি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২,০৮,৫৭৩ হেক্টর।  

Advertisement

এর মধ্যে আউশ আবাদ ৩৮,৬৮৯ হেক্টর, রোপা আমন আবাদ ১,৪১,৬০৯ হেক্টর, বোনা আমন ৭৬৪ হেক্টর, রোপা আমন বীজতলা ১৪,৯০৮ হেক্টর, ও শাকসবজি ১১,২৯০ হেক্টর।

মোট ফসল উৎপাদনে ক্ষতি হয়েছে ৯,৮৬,২১৪ মেট্রিক টন। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৩,৩৪৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪,১৪,০৮৯ জন।

কৃষি মন্ত্রণালয় অধিক ক্ষতিগ্রস্ত ৯ জেলায় ৮০ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে। যার মধ্যে ধানবীজ, সার ও নগদ অর্থ সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।  এ পর্যন্ত মন্ত্রণালয় হতে কৃষকদের জন্য ১৩ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিন সভায় কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ বিভিন্ন দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!