ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিরপরাধ কাউকে মামলা দিয়ে হয়রানি নয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৯:২৪, ২৮ আগস্ট ২০২৪
নিরপরাধ কাউকে মামলা দিয়ে হয়রানি নয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফাইল ফটো

যাচাই-বাছাই না করে মিথ্যা বা ভুয়া মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া উইংয়ের সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। 

বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী ও সচেতন ছাত্রসমাজ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। ফ্যাসিবাদের এই দীর্ঘ শাসনামলে তাদের সমর্থকদের দ্বারা অগণিত ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবের সময়ে ফ্যাসিবাদী সরকার ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালায়। কিন্তু ফ্যাসিবাদের মদদপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ এসব অপরাধের বিচার করেনি। বরং যারা অপরাধের ভুক্তভোগী তাদেরকেই হেনস্তা করা হয়েছে। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে প্রতিটি অপরাধ এবং গণহত্যার সুষ্ঠু বিচার হবে। এসব বিচারের জন্য সারাদেশে ফ্যাসিবাদ কর্তৃক সংঘটিত অপরাধ ও গণহত্যার বিচার চেয়ে মামলা দায়ের করা হচ্ছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়, কিন্তু আমরা গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, কিছু কিছু ক্ষেত্রে ভুক্তভোগী মামলা দায়েরকারীরা প্রকৃত আসামীদের বাইরে যাচাই বাছাইহীনভাবে সাধারণ মানুষের নাম আসামির কলামে তালিকাভুক্ত করে মামলা দায়ের করছে। এভাবে যাচাই-বাছাই না করে গণহারে মামলা দায়ের করলে প্রকৃত অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আবার কিছু স্থানে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে নিরীহ ও নিরপরাধ মানুষের নামেও মামলা দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ, যা আওয়ামী ফ্যাসিবাদের বিচারহীনতার সংস্কৃতিরই পুনরাবৃত্তি মাত্র। আমরা মনে করি, ভুলক্রমে শত অপরাধী পার পেয়ে গেলেও কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি তো দূরে থাক বিন্দুমাত্র হয়রানি করাও সমীচীন নয়। যদি এমনটা হয় তাহলে আইন ও আদালতের সঙ্গে উপহাস করা হবে এবং এটাই হবে সবচেয়ে বড় জুলুম।

আরো বলা হয়, দেশবাসীর কাছে আহ্বান রাখবো যাচাই-বাছাই না করে মিথ্যা বা ভুয়া মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করবেন না।
প্রকৃত অপরাধীকে পার পাইয়ে দেয় এমন সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!