ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ২৮ আগস্ট ২০২৪
ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে: ধর্ম উপদেষ্টা
ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে। এটিকে প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনে পরিবর্তন আনা হবে। যে সকল কর্মকর্তারা এখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদেরকে মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদেরকে প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।

Advertisement

ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়া হবে। কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে কারা ধ্বংস করেছে সেটা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করব। এছাড়া, মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা  প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুর ও  ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য প্রদান করেন। 
এতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!