ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এবার গাজীপুরে ওষুধ কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ২৮ আগস্ট ২০২৪
এবার গাজীপুরে ওষুধ কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
ফাইল ফটো

গাজীপুরে বেতন বৃদ্ধিসহ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন করেছে বিভিন্ন ওষুধ কারখানার হাজার হাজার শ্রমিক। মঙ্গলবার দিনভর গাজীপুরে পৃথক স্থানে বিভিন্ন ওষুধ কারখানার শ্রমিক তাদের দাবি নিয়ে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

ওষুধ কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি, সর্বনিম্ন বেতন ১৬০০০ টাকা নির্ধারণ, মাসিক মূল বেতনের ৫০ শতাংশ হারে বছরে বেসিক বৃদ্ধি, নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন, ৬ মাসের মধ্যে শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, বছর শেষে প্রোডাকশন বোনাস প্রদান, ছুটির হয়রানি বন্ধ, বৈশাখী ও দুই ঈদের বোনাস বেতনের সমপরিমাণ প্রদান, অ্যালাউন্স প্রদান, জমাকৃত ছুটির টাকা শতভাগ প্রদানসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও কারখানা সংলগ্ন ফিডার রোড অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি জানায়, মহানগরের সদর থানার আওতাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লি. কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে কাজ বন্ধ রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করে। পরে কারখানা কর্তৃপক্ষ দাবি পূরণের প্রতিশ্রুতি দিলে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেন শ্রমিকরা। 

Advertisement

টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসকেএফ বাংলাদেশ লিমিটেড এর শ্রমিকরা ১৩ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১৩ দফা দাবি পর্যালোচনা সাপেক্ষে যৌক্তিকভাবে মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদান করেন শ্রমিকরা। 

টঙ্গীর বিসিক এলাকায় নোবিষ্টা ফার্মা লি. এর শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করে। এটির মালিক সালমান এফ রহমান। দাবি পূরণের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত না পাওয়ায় আজও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 

গত ২৫ আগস্ট গাজীপুরের হেমারদিঘী এলাকায় পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি কারখানার শ্রমিকরা বেতন ও কারখানার ২ জন বিতর্কিত কর্মকর্তার বহিষ্কারসহ মোট ১৯ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে কর্তৃপক্ষ ১১টি দাবি মেনে নিয়েছে এবং শ্রমিকরাও সন্তুষ্ট হয়ে আজ থেকে কাজে যোগদান করবে।

গত ২১ আগস্ট গাজীপুরে চেরাগআলীতে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর শ্রমিকরা ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করে এবং কারখানা গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরবর্তীতে মালিক এবং শ্রমিকের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরেন শ্রমিকরা। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!