ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় নির্বাচনের পরিকল্পনা নিয়ে যা জানালেন ড. ইউনূস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ২০ আগস্ট ২০২৪
জাতীয় নির্বাচনের পরিকল্পনা নিয়ে যা জানালেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব কিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটি অনুকূল পরিবেশ তৈরি করা হবে। 

রোববার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাগুলোর আবাসিক প্রধানদের উদ্দেশে ড. ইউনূস এসব কথা বলেন।

ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

Advertisement

তিনি বলেন, আমাদের জনগণ এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সমর্থনে আমরা অল্প সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক করে ফেলব। এরইমধ্যে পুলিশ বাহিনীও তাদের কার্যক্রম আবার শুরু করেছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী বেসামরিক শক্তির সহায়তায় কাজ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসবে। আমাদের সরকার সকল ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

ইউনূস বলেন, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধি বজায় রাখতে সুশাসন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনা মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী ও সুদূরপ্রসারী অর্থনৈতিক সংস্কার গ্রহণ করবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের সরকার সমস্ত আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক নিয়ম কানুন মেনে চলবে। বাংলাদেশ জাতিসংঘের মূল অংশের সাথে বহুপাক্ষিকতার সক্রিয় সমর্থক হিসেবে থাকবে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানগুলো বজায় রাখা এবং অপারেশন বাড়াতে আগ্রহী ।

তিনি বলেন, সরকার পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং ভাগাভাগি স্বার্থে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।

ইউনূস বলেন, আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারদেরকে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি তাদের আস্থা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

সূত্র: সিনহুয়া

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!