ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ১৬ জুলাই ২০২৪
তাপপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ফাইল ফটো

দেশের উপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কমেছে। এর প্রভাবে বৃষ্টিপাতও কমেছে। ফলে বাড়ছে তাপমাত্রা। বৃষ্টিপাত কমে তাপপ্রবাহ ফিরে আসছে। এরই মধ্যে দুই বিভাগ ও এক জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এই সপ্তাহজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকালে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে দেশের রংপুর, সৈয়দপুর, ডিমলা, শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। এসময়ে বৃষ্টিও কম থাকতে পারে। আগামী সাপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ফেনী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘু চাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!