ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাল থেকে ফের বৃষ্টি, থাকবে যে কয়দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৪, ৮ জুলাই ২০২৪
কাল থেকে ফের বৃষ্টি, থাকবে যে কয়দিন
ফাইল ফটো

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের অনেক অঞ্চলই এখন বৃষ্টিহীন। তবে আগামী তিনদিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের বাকি চার বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। তাই বৃষ্টিও কম। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জানান, আগামী বুধবার ও বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী সপ্তাহ থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং ঢাকায়ও বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আজ সারাদেশে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!