ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ওমানে বিমানে ত্রুটি, রক্ষা পেলেন ১৪৬ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৪, ৩০ জুন ২০২৪
ওমানে বিমানে ত্রুটি, রক্ষা পেলেন ১৪৬ প্রবাসী
ফাইল ফটো

ওমানের মাসকাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ২০ ঘণ্টা পরে ছেড়েছে। গত বৃহস্পতিবার ভোরে বিমানে যাত্রী তুলে পাইলট ও সংশ্লিষ্টরা দেখতে পান, ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু নেই।

ঢাকা থেকে ঐ দুটি স্ক্রু এনে সারানোর পরে ঐ ফ্লাইটের ১৪৬ জন যাত্রী নিয়ে শুক্রবার ভোর ৩টায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি। এতে বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পান ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা।

গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটটি আসার কথা ছিল। প্রায় ২০ ঘণ্টা বিলম্বের পর এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি সারানো হয়। পরে ফ্লাইটের ১৪৬ জন যাত্রী নিয়ে দিবাগত রাত ৩টায় ঢাকায় পৌঁছায় উড়োজাহাজটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এ আর বি ও কায়সার জামান বলেন, উড়োজাহাজ মাসকাট বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করার পর পাইলটসহ সংশ্লিষ্টরা দেখতে পান, ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু নেই। ওমানের প্রকৌশলীদের কাছে বিষয়টি জানানো হয়। তাদেরও স্টোরেও স্ক্রুটি পাওয়া যায়নি। পরে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা স্ক্রু নিয়ে যান। তবে ত্রুটি সারাতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট।

জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তাদের হোটেলে রাখা হয়েছিল। উড়োজাহাজের ত্রুটি সারানো হলে গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা করে। এটি ঢাকায় এসে পৌঁছে রাত ৩টার সময়।

এদিকে, গতকাল সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পরই এর ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। এর আগে, গত বুধবার বিকেলে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। পরে বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারালে প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!