ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ২৫ মার্চ ২০২৪
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি
ফাইল ফটো

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরে নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টা পর পর অনুষ্ঠিত হবে এসব জামাত।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঈদের জামাতের সময়সূচি নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় ঈদের জামাতের এ সময় ঠিক করা হয়েছে বলে জানান তিনি।

নির্ধারিত সূচি অনুযায়ী, বাইতুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টায় শুরু হবে প্রথম জামাত। এরপর এক ঘণ্টা পর পর সকাল ৮টা, ৯টা ও ১০টায় হবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত। সর্বশেষ বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ জামাত।

Advertisement

জামাতের ইমামতি কে কে করবেন, তা এখনো ঠিক হয়নি। ইমাম নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

আবু বক্কর সিদ্দিক জানান, প্রতি বছরের মতো এবার ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে, আবাহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ১০ বা ১১ এপ্রিল উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!