ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন দুঃসংবাদ, টানা তিন দিন ঝরবে বজ্রসহ বৃষ্টি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ৩১ জানুয়ারি ২০২৪
নতুন দুঃসংবাদ, টানা তিন দিন ঝরবে বজ্রসহ বৃষ্টি
ফাইল ফটো

দেশের বেশকিছু জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এরই মধ্যে বিদায় নিয়েছে। তবে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। টানা তিন দিন দেশের বেশকিছু অঞ্চলে ঝরবে বজ্রসহ বৃষ্টি।

বুধবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, টানা তিন দিন দেশের আট বিভাগের বেশকিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনেও সারাদেশে বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া বুধবার থেকে পরবর্তী তিন দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এছাড়া শুক্রবার খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!