ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

চট্টগ্রামে ফ্লাইট চালু করবে সৌদি এয়ারলাইন্স

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১ জানুয়ারি ২০২৪
চট্টগ্রামে ফ্লাইট চালু করবে সৌদি এয়ারলাইন্স
ফাইল ফটো

চলতি বছরের মার্চে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। এ রুটে এতদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করতো। আর একটি চলাচল করতো চট্টগ্রাম-মদিনা রুটে।

চট্টগ্রাম-জেদ্দা রুটে এ বিমান সংস্থার ফ্লাইট চালু হলে চট্টগ্রামের যাত্রীদের সৌদি যাত্রায় সুবিধা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, চট্টগ্রাম-জেদ্দা রুটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কথা রয়েছে। এরই মধ্যে তাদের একটি টিম চট্টগ্রাম বিমানবন্দর ঘুরে গেছে। সবকিছু ঠিক থাকলে মার্চে ফ্লাইটটি চালু হবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সৌদি এয়ারলাইন্স। বিলাসবহুল বোয়িং ৭৭৭ ও ৭৪৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ফ্লাইট সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। এবার চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরুর মধ্য দিয়ে বিলাসবহুল এ বিমান সংস্থার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!