ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নাশকতাকারীদের পুলিশের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ১২ ডিসেম্বর ২০২৩
নাশকতাকারীদের পুলিশের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি
ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই। যেকোনো ধরনের নাশকতামূলক কাজ মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে দেশবাসীকে নির্বাচন উপহার দিতে দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনের দায়িত্ব দীর্ঘদিন ধরেই পালন করে আসছে। আমাদের আগামী যে নির্বাচন সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ পুলিশ গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার তা গ্রহণ করেছি। আমাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম সবকিছুই রয়েছে।

Advertisement

তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনাও গ্রহণ করেছি। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সব ধরনের পরিকল্পনাই নেয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যেসব কাজ করা দরকার সেসব দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করছি। আমরা আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ তা করতে প্রস্তুত।

আইজিপি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা নির্দেশনা পেয়েছি। সন্ত্রাসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে আমরা সবসময়ই অভিযান পরিচালনা করে থাকি। এখনো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা তা করছি। প্রতিনিয়ত তাদের গ্রেফতার করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!