ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে ওমানের প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০০, ১২ অক্টোবর ২০২৩
বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে ওমানের প্রতিনিধি দলের বৈঠক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও ওমান প্রতিনিধি দলের বৈঠক

ওমানে বাংলাদেশি কর্মী প্রেরণ এবং ওমানি কর্মীদের বাংলাদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সেদেশের প্রস্তাবিত খসড়া সমঝোতা স্মারক পর্যালোচনা ও চূড়ান্তকরণের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও ওমান প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ওমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওমান রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি।

Advertisement

সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাংলাদেশ সফরের জন্য ওমান প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ২০০৮ সালে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ থেকে ওমানে কর্মী প্রেরণ করা হচ্ছে। সমঝোতা স্মারকটি এখনো বহাল রয়েছে। 

তিনি ওমানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটির প্রশংসা করেন এবং নীতিগতভাবে সমঝোতা স্মারকের বিষয়বস্তুর সঙ্গে বাংলাদেশ একমত মর্মে ওমান প্রতিনিধি দলকে অবহিত করেন। 

একইসঙ্গে তিনি জানান, সমঝোতা স্মারকটি চূড়ান্তকরণের নিমিত্ত এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরের মতামত গ্রহণ করা প্রয়োজন। খসড়া সমঝোতা স্মারকের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরের মতামত গ্রহণপূর্বক দ্রুততম সময়ের মধ্যে ওমানপক্ষকে চূড়ান্ত খসড়া সমঝোতা স্মারক প্রেরণ করা হবে বলে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান জানান। উভয়পক্ষ খসড়া সমঝোতা স্মারকের বিভিন্ন আর্টিকেল পর্যালোচনা করেন।

বৈঠকে সফররত ওমান প্রতিনিধি দল বাংলাদেশ থেকে ওমানে কর্মী নিয়োগ এবং একইসঙ্গে বাংলাদেশে ওমানি কর্মীদের কর্মসংস্থানের বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়া উপস্থাপন করেছে। 

বিদ্যমান সমঝোতা স্মারকের চেয়ে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটিতে উভয় দেশের কর্মীদের সুরক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে ওমান প্রতিনিধি দল জানান। 

এছাড়া, ওমান আইসিটি, জ্বালানিসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে উল্লেখ করেন ওমান রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি। 

তিনি আরো জানান, ওমানে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীরা সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৭ লাখ বাংলাদেশি কর্মী বর্তমানে ওমানে কর্মরত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপাশি অনেক বাংলাদেশি কর্মী তাদের পরিবারসহ ওমানে বসবাস করছেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর খায়রুল আলম প্রমুখ। 

এছাড়াও ওমান প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ওমান পুলিশের ব্রিগে. জেনারেল মোহাম্মাদ বিন নাছের আল কিনদি প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!