ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩
দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
মঙ্গলবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভায় বক্তব্য দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। 

তিনি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তারা কাজ করবে।

মঙ্গলবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

Advertisement

সভাপতির বক্তব্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। অতীতে যেভাবে উৎসব ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে এবারও নিরাপদে নির্বিঘ্নে আসন্ন দুর্গাপূজা পালিত হবে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়, সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতারা আসন্ন দুর্গাপূজা ঘিরে বাংলাদেশ পুলিশের গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। 

সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা, রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!