ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৪
গ্রেফতার চার ছিনতাইকারী। ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় ছিনতাইয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, বিদেশি পিস্তল, ডিবি পুলিশের পোশাক, ওয়াকি-টকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আব্দুল্লাহেল কাফী।  

এর আগে, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আর দুপুরে আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকায় উত্তরা ব্যাংকের সামনে মো. ইউসুফ নামে এক গ্রাহককে মারধর করে তার কাছে থাকা ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

Advertisement

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মাসুদ করিম (৫০), একই এলাকার রবিউল করিম সুলভ (৩০), পাবনা জেলার চাটমোহর থানার আব্দুল খালেক (৩৪) ও নাছির উদ্দিন (২৯)। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানা গেছে, গতকাল পুরাতন ইপিজেডের সামনে ছিনতাইয়ের শিকার মেসার্স সানী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ইউসুফ আকন দুপুরে ৪ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ান। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে দাঁড়িয়ে ভেতর থেকে কয়েকজন বেরিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাদের পরনে ডিবি পুলিশের কটি, হাতে ওয়ারলেস, হ্যান্ডকাফ ও পিস্তল ছিল। 

এসময় তারা জোর করে ভুক্তভোগী ইউসুফ আকনকে গাড়িতে ওঠাতে চান। কিন্তু তিনি গাড়িতে না ওঠায় তার সঙ্গে অনেক ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে তাকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যান তারা। আশুলিয়া থানাকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ সুপারের নির্দেশে ঘটনা উদঘাটনে মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আব্দুল্লাপুর-বাইপাল সড়কের আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে প্রাইভেটকার আটক করা হয়। এসময় চার ছিনতাইকারীকে আটক ও নগদ ২ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফী বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!