ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় ১০ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৩, ৩১ জুলাই ২০২৩
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় ১০ নির্দেশনা
ফাইল ফটো

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তায় ১০ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ প্রশাসন।

হাওরের পরিবেশ রক্ষা, নৌ দুর্ঘটনা এড়ানো, গণউপদ্রব রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা এই নির্দেশনা দিয়েছি। আশা করছি নৌযান চালক ও পর্যটকেরা এই নির্দেশনা মেনে চলে নিজেদের নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতি সৌন্দর্য মন্ডিত টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে ঠিক রাখবেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Advertisement

নির্দেশনাগুলো হলো-

১. কোনো নৌযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত পর্যটক বা যাত্রী পরিবহন করা যাবে না।

২. নৌযান চলাচলের সময় কিংবা পানিতে নামার সময় প্রত্যেক পর্যটক এবং নৌচালক আবশ্যিকভাবে লাইফ জ্যাকেট পরিধান করবেন।

৩. বিরূপ আবহাওয়া থাকলে নদীতে কিংবা হাওরে ভ্রমণ করা যাবে না।

৪. প্রতিটি নৌযানকে হাওর বা নদীতে যাত্রা শুরুর অন্তত ৬ ঘণ্টা পূর্বে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে (মোবাইল নম্বর-০১৩২০-১২১০৫৫) অবহিত করতে হবে।

৫. পর্যটক ও নৌচালকদেরকে নৌযানে এবং স্থলভাগে চলাচলের সময় মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৬. প্রতিটি নৌযানে এবং নৌঘাটে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত ডাস্টবিন এর ব্যবস্থা রাখতে হবে। নৌযান মালিক সমিতি এবং নৌচালকরা বিষয়টি নিশ্চিত করবেন।

৭. নির্ধারিত স্থান ছাড়া হাওর বা নদীর পানিতে বা স্থলভাগের কোথাও কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলা যাবে না।

৮. পর্যটকবাহী নৌযান যে কোনো স্থলভাগের কাছাকাছি অবস্থানকালে উচ্চ শব্দে কোনো ধরনের মাইক বা লাউড স্পিকার বাজাতে পারবে না।

৯. প্রতিটি নৌযান, পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ তথা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুবিধাদি নিশ্চিত করবে। পর্যটকদেরকে তাদের সার্বক্ষণিক নিজস্ব দায়িত্বে সংরক্ষণ করতে হবে।

১০. নোঙরের স্থানে দুষ্কৃতিকারীরা থাকতে পারে। তাদের থেকে পর্যটকদেরকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাওর
লিংক সফলভাবে কপি হয়েছে!