ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন যখন যে রুটে চলবে 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ১৫ জুন ২০২৩
ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন যখন যে রুটে চলবে 
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের সুবিধার্থে রেল বিভাগ ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। ২৯ জুনকে ঈদের দিন ধরে এসব ট্রেন পরিচালনা করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ রাত সাড়ে ৩টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে। ট্রেন দুটি যাতায়াতের সময় পাহাড়তলী, ফেনী, লাঙ্গলকোটর, লাকসাম, চিতোষীরোড, মেহের, হাজিগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি করবে।

ঈদ স্পেশাল-৩ বিকেল ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ ভোর ৬টায় চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে। ট্রেন দুটি উভয় পথে চলাচলের সময় পাহাড়তলী, ফেনী, হাসানপুর, নাঙ্গলকোট, লাকসাম, চিতোষীরোড, শাহারান্তি, মেহের, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড, শাহাতলী ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি করবে।

Advertisement

ঈদ স্পেশাল-১, ২, ৩ ও ৪ ট্রেনগুলো ২০টি বগির ওপর ১০টি কোচ নিয়ে চলাচল করবে। ট্রেনগুলোর মোট আসন সংখ্যা হবে ৫১৪টি। এই চারটি ঈদ স্পেশাল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেক দ্বারা পরিচালনা করা হবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ঈদ স্পেশাল-৫ ঢাকা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। ঈদ স্পেশাল-৬ দেওয়ানগঞ্জ থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ১০ মিনিটে। ট্রেন দুটো চলাচলের সময় ঢাকা বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, পিয়ারপুর, জামালপুর, মেলান্দহ এবং ইসলামপুর বাজার স্টেশনে যাত্রা বিরতি করবে। এই ট্রেন দুটিও ২০টি বগির ওপর ১০টি কোচ নিয়ে চলাচল করবে। প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৮৮৬টি। ট্রেন দুটি স্পেয়ার কোচ দ্বারা পরিচালনা করা হবে।

চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল-৭ চট্টগ্রাম থেকে রাত ৯টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে ভোট ৬টায়। ঈদ স্পেশাল-৮ ময়মনসিংহ থেকে সকাল ১০টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। ট্রেন দুটো যাত্রা পথে ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ভৈরব বাজার, কিশোরগঞ্জ, গৌরীপুর এবং ময়মনসিংহ স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেন দুটি ১৪টি বগির ওপর ৭টি কোচ নিয়ে চলাচল করবে। প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩২৪টি। ট্রেন দুটি ওয়ার্কশপ স্পেশাল ট্রেনের রেক দ্বারা পরিচালনা করা হবে।

এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল-৯ ভৈরব বাজার থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-১০ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে ভৈরব বাজার পৌঁছাবে দুপুর ২টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টা ৫ মিনিটে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।

যাত্রা পথে ট্রেন চারটি সকল স্টেশনে যাত্রাবিরতি করবে। ১০টি বগির ওপর মোট ৫টি কোচ নিয়ে ট্রেন চারটি চলাচল করবে। প্রতিটি ট্রেনের আসন সংখ্যা হবে ২৭৪টি। ট্রেনগুলো ৭৫, ৭৬, ২৭১ এবং ২৭২ ট্রেনের রেক দ্বারা পরিচালনা করা হবে।

ঈদ স্পেশাল ১ থেকে ৮ ট্রেনগুলো ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী ৫ দিন চলাচল করবে। এছাড়া শোলাকে ঈদ স্পেশাল ৯ থেকে ১২ ট্রেন চারটি শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঈদ
লিংক সফলভাবে কপি হয়েছে!