ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যুদ্ধাপরাধী আজহার আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৭, ২২ মে ২০২৩
যুদ্ধাপরাধী আজহার আলী গ্রেফতার
গ্রেফতার আজহার আলী

ঢাকার আশুলিয়া থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আজহার আলী শিকদারকে (৬৮) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার  র‍্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার ঢাকার সাভারের আশুলিয়া এলাকা থেকে দীর্ঘ আট বছর পলাতক থাকার পর আজহার আলীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. আজহার আলীসহ যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন।

Advertisement

এসব ঘটনার মধ্যে আছে ২ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২২ জনকে হত্যা, ৪০ থেকে ৫০টি বাড়ির মালামাল লুণ্ঠনের পর আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা। এছাড়া দুজনকে অমানুষিক নির্যাতনে গুরুতর জখম এবং চার নারীকে দীর্ঘদিন রাজাকার ক্যাম্পে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগও আছে।

র‍্যাব আরো জানায়, আজহার আলী ১৯৭১ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় সহযোগীদের সঙ্গে নিয়ে এসব মানবতাবিরোধী অপরাধ করেন বলে অভিযোগে বলা হয়েছে। ২০১৬ সালের ১৬ জুলাই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!