ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুদান থেকে ঢাকার পথে ১৩৫ বাংলাদেশি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:১৭, ৮ মে ২০২৩
সুদান থেকে ঢাকার পথে ১৩৫ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরছেন ১৩৫ বাংলাদেশি। রোববার রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে জেদ্দা পৌঁছেছেন। দুপুরে দুটি বিমানে ৭০ জন, বিকেলে আরো একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছান।

Advertisement

সুদান থেকে আসা এসব বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।

জেদ্দায় পৌঁছানো বাংলাদেশিদের জন্য সেখানকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এসব বাংলাদেশিকে সব ধরনের সহায়তা দিচ্ছে।

দূতাবাস বলছে, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!