ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সব নদীবন্দরে সতর্কতা, পাঁচদিনে বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ২৪ এপ্রিল ২০২৩
সব নদীবন্দরে সতর্কতা, পাঁচদিনে বৃষ্টির প্রবণতা
ফাইল ফটো

কালবৈশাখীর শঙ্কায় দেশের সব নদীবন্দরে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোথাও তোলা হয়েছে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত, আবার কোথাও ১ নম্বর সতর্কতা সংকেত। সেই সঙ্গে সপ্তাহের বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, পাবনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামীকাল (মঙ্গলবার, ২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। আগামী দুদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে ৭ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!