ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রায় ৯ দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের দাবি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৮, ৩ এপ্রিল ২০২৩
ঈদযাত্রায় ৯ দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের দাবি 
ফাইল ফটো

ঈদুল ফিতরের আগে ও পরে ৯ দিন সব মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সেই সঙ্গে ঈদযাত্রায় মহাসড়কসহ সব আন্তঃজেলা সড়কে ৩ চাকার যানবাহন চলাচল এবং অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানায় সংগঠনটি।

সোমবার সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। গত বছর সড়কে মোট দুর্ঘটনার ৪০ শতাংশেরও বেশি মোটরবাইক দুর্ঘটনা। দুই চাকার এ বাহনে ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহনের কারণে ঈদ মৌসুমে আরো বেশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Advertisement

আরো বলা হয়, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সারাদেশে মহাসড়ক ও দূরপাল্লার আন্তঃজেলা সড়কে ব্যাটারিচালিত রিকসাসহ ৩ চাকার বিভিন্ন ধরনের যানবাহন এবং নসিমন, করিমন, ভটভটি ও আলম সাধুর মতো স্থানীয়ভাবে তৈরি অসংখ্য যানবাহন চলাচল করছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রতি ঈদযাত্রায় দূরপাল্লার অনেক সড়কে বিভিন্ন পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে দেড় থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে থাকে। এতে বাস মালিকদের অতিরিক্ত মুনাফা ও শ্রমিকদের বাড়তি আয় হলেও সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হন।  

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!