ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

চসিকের স্বাস্থ্যখাতে আবারো সুনাম ফিরবে: মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ২৭ মার্চ ২০২৩
চসিকের স্বাস্থ্যখাতে আবারো সুনাম ফিরবে: মেয়র
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হবে। এ সময় চিকিৎসকরা চসিক স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরলে মেয়র তড়িৎ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সোমবার মেয়র নগরীর আলকরণমোড়ে চসিক জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চসিকের স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো একসময় ভালো সেবা দিয়ে সুনাম অর্জন করলেও পরবর্তীতে অবহেলা ও অব্যবস্থাপনায় পিছিয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন সংকট ও সমস্যার কারণে চসিকের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আগের মতো রোগী আসছে না। আমি দায়িত্ব গ্রহণের পর মেমন মাতৃসদন হাসপাতালের সংস্কার করায় সেখানে রোগীরা আস্থা ফিরে পেয়েছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের চিকিৎসার বড় আশ্রয়স্থল চসিক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো। আর্থিক সংকটে যেন কারো স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে না হয় সেজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবো এবং অস্থায়ী চিকিৎসকদের স্থায়ী করার পাশাপাশি নতুন করে চিকিৎসক ও পরামর্শক নিয়োগ দেবো। চসিকের স্বাস্থ্যখাতকে আগের সুনামের পর্যায়ে নিতে সর্বোচ্চ আর্থিক বরাদ্দ দেওয়া হবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা তুলে ধরলে মেয়র এক সপ্তাহের মধ্যে লিখিত রিপোর্ট দাখিল করতে বলেন এবং চিকিৎসকদের সঙ্গে বসে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে চসিকের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- চসিকরে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, বিপ্লব দাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, মেডিকেল অফিসার ইনচার্জ ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. দীপা ত্রিপুরা, ডা. রিয়াজ আহমেদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: চসিক মেয়র
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!