ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ‘সিত্রাং’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৪ অক্টোবর ২০২২
গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ‘সিত্রাং’
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে উত্তাল সাগর- ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ গতি বাড়িয়ে ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। আগে ২০ কিলোমিটার গতিতে বাংলাদেশের দিকে এগোলেও এখন গতি বেড়ে হয়েছে ৩০ কিলোমিটার।

উপকূলের কাছাকাছি চলে আসায় ‘সিত্রাং’য়ের আর প্রবল ঘূর্ণিঝড়েও রূপ নেয়ার কোনো আশঙ্কা নেই। এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে।

সোমবার বিকেলে এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করবে।

এর আগে, আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে- 

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'সিত্রাং' উত্তর ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোর নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপফ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!