ইউএনও ওয়াহিদাকে কেবিনে নেয়ার প্রস্তুতি
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে এইচডিইউতে (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) থেকে এখন কেবিনে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে মেডিকেল বোর্ড।
মঙ্গলবার দুপুরে এইচডিইউতে থাকা ওয়াহিদা খানমের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সাংবাদিক এসব তথ্য জানান নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।
তিনি বলেন, ইউএনও ওয়াহিদার জ্ঞান সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য কন্ডিশনগুলোও মোটামুটি ভালো উন্নতি হয়েছে। শুধু ডান হাতটা আগের মতোই আছে, ফিজিউথেরাপি চলছে। ফিজিও থেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা বোঝা যাবে।
এইচডিইউ থেকে স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, আমরা তাকে বেডে দেয়ার কথা চিন্তা-ভাবনা করছি। যেহেতু এখানে কিছু নিরাপত্তার প্রশ্ন আছে সেজন্য আমরা তাকে এখনো এইচডিইউতেই রেখেছি। তবে কেবিনে নেয়ার বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত হবে।
গত বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে তার ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরদিন আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে এনে ভর্তি করা হয়।