ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

সবজিতে স্বস্তি, চাল-মাছের বাজারে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৫, ৭ জানুয়ারি ২০২৫
সবজিতে স্বস্তি, চাল-মাছের বাজারে উত্তাপ
ফাইল ফটো

শীতের ভরা মৌসুমে সবজির বাজারে প্রত্যাশার চেয়ে বেশি সরবরাহ হওয়ায় তা সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠেছে। তবে গত দুই সপ্তাহ ধরে চাল ও মাছের দাম ঊর্ধ্বমুখী। অপরদিকে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপাড়া ও ফার্মগেটসহ বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।

চালের বাজার:

Advertisement

চালের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেট ও নাজিরশাইলের। খুচরা ব্যবসায়ীরা মিনিকেট চাল বিক্রি করছেন ৭৮ থেকে ৮০ টাকায় এবং নাজিরশাইল বিক্রি করছেন ৮০ থেকে ৮৬ টাকায়। ১৫ দিন আগেও মিনিকেট চাল ৬৮ থেকে ৭৫ টাকায় এবং নাজিরশাইল ৭০ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছিল। ফলে দুই জাতের চালের কেজি দাম বেড়েছে যথাক্রমে ৫ থেকে ১০ টাকা এবং ৮ থেকে ১০ টাকা।

বিআর-২৮ জাতের চালের কেজি ১৫ দিন আগে ছিল ৫৮ থেকে ৬০ টাকা। তবে বর্তমানে তা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মোটা চালের দামও ৫ টাকা বেড়েছে। ভারত থেকে আমদানি করা চালের দাম ৭৬ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজার:

সবজি বাজারে মুলা ও শালগম বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, শিম ২০ থেকে ৪০, গাজর ৫০ থেকে ৫৫, চিচিঙ্গা ৩৫ থেকে ৪০, উচ্ছে ৩০ থেকে ৫০ এবং বেগুন ৪০ থেকে ৫০ টাকায়। তবে, টমেটো ৫০ থেকে ৭০, বরবটি ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং লাউয়ের পিস ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজির পাশাপাশি ডিমের দামও নেমেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। তবে মুরগির দাম অপরিবর্তিত থেকে চড়া দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২০০ এবং সোনালি মুরগির কেজি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আলু ও পেঁয়াজের বাজার:

নতুন আলুর বাজারে সরবরাহ বাড়ায় দাম কমে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলু ৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে বর্তমানে দেশি নতুন পেঁয়াজ ৫৫ থেকে ৬০ এবং পুরোনো পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংস ও মাছের বাজার:

গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকায়, খাসির মাংস ১০৫০ থেকে ১২০০ টাকায় এবং ছাগলের মাংস ১০০০ টাকায় পাওয়া যাচ্ছে।

মাছের বাজারে ইলিশের দাম ঊর্ধ্বমুখী। এক কেজি ইলিশ ২৪০০ টাকায়, দেড় কেজি ৩২০০ টাকায় এবং ছোট ইলিশের দাম ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। গোলসা মাছ ৭০০, পাঙাস মাছ ২০০ থেকে ২২০, দেশি কৈ ৮০০, শিং ৪০০-৪৫০, বাইম ৮০০, রুই ৩০০ থেকে ৩৫০, কাতল ৩৫০ থেকে ৪৫০, কার্প ২৮০, পাবদা ৩৬০, তেলাপিয়া ২৩০, চিংড়ি ৮০০, মলা ৩৫০ এবং শোল ৯০০ থেকে ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!