মাছ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। মাছ দিয়ে যেকোনো পদ তৈরি করাই বেশ সহজ। বিশেষ করে বড় মাছ হলে তো আরও ভালো। বড় যেকোনো মাছ দিয়েই তৈরি করা যায় এ কাবাব। এক্ষেত্রে কাতল, কোরাল, রুই এ জাতীয় মাছ হলে বেশি ভালোলাগে। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে পরিবেশন করা যাবে এই কাবাব।
চলুন জেনে নেই মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি-
উপকরণ
- বড় মাছের টুকরা- ৫ টি
- আদা বাটা- ১ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- কাবাবের গুঁড়া মসলা- দেড় টেবিল চামচ
- পেঁয়াজ কুচি - ১ কাপ
- লবণ- স্বাদ অনুযায়ী
- তেল- পরিমাণমতো
- লেবুর রস- ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ
- পানি ও তেল- পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি এবং গরম মসলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে নিন। এবার নামিয়ে সাদা ভাত অথবা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন।